স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’। মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আয়োজনে জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আয়োজক সূত্রে জানা গেছে, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে ৩৩৮ জন, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।
‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’-এর আহ্বায়ক অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় গত ২৫ বছর ধরে নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি। দীর্ঘ সময় ধরে চলমান এই উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।