বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন) বা ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রতিক্রিয়ায় জানানো হয়, এটি মার্কিন সরকারের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টারই প্রতিফলন। একই সঙ্গে এই অর্জন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডিএফসি অর্থায়নের এই যোগ্যতা অর্জনের ফলে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যকর ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন পথ উন্মোচিত হবে। এর মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হবে এবং দেশের উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, এই যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থারই বহিঃপ্রকাশ। পাশাপাশি বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি এবং শ্রমমান জোরদার করার লক্ষ্যে বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগগুলোর প্রতিও এটি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। বাংলাদেশ সরকার প্রত্যাশা করে যে, ডিএফসি অর্থায়নের এই সুযোগ কাজে লাগিয়ে দেশে বাস্তব বিনিয়োগ বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং তা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি বয়ে আনবে।