নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘One Health, One Action: Prevent AMR Now’। বাংলায় যার অর্থ, এক স্বাস্থ্য, এক পদক্ষেপ: এখনই এএমআর প্রতিরোধ করুন’। ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্বব্যাপী এ সচেতনতামূলক সপ্তাহ পালিত হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কী, কীভাবে এর বিস্তার ঘটে এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অনিয়ন্ত্রিত ও ভুল ব্যবহারের ফলে জীবাণু এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তুলছে। এর ফলে সাধারণ ওষুধ দিয়েও অনেক সংক্রমণ নিরাময় কঠিন হয়ে পড়তে পারে। এ সমস্যা শুধু মানুষের স্বাস্থ্য নয়, গবাদিপশু, হাঁস-মুরগি এবং সামগ্রিক জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি।

আলোচনায় ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। এ সমস্যা মোকাবিলায় প্রাণিসম্পদ, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া পশু-পাখিকে অ্যান্টিবায়োটিক না দেওয়া, নির্ধারিত মাত্রা ও সময় অনুযায়ী ওষুধ প্রয়োগ এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য খামারিদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে তিনি এএমআরের ভয়াবহতা ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে আলোকপাত করেন। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় এখন থেকেই সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘ওয়ান হেলথ’ ধারণার আওতায় মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় স্থানীয় খামারি, পশুখাদ্য ও ওষুধ বিক্রেতা, পল্লিচিকিৎসক, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।