ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের চতুর্থ ও শেষ ধাপের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
শনিবার ও রোববার (২১ ও ২২ নভেম্বর) দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম ও উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
বক্তারা সরকারের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের প্রভাব বা পক্ষপাতের কাছে নতি স্বীকার না করে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালনকারী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কার্যক্রম পরিচালনা এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলারসহ কান্দিউড়া ইউনিয়ন, চিরাং ইউনিয়ন ও কেন্দুয়া পৌরসভার প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।