লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনার সময় তার সঙ্গে আরও ২ জন ছিল বলে জানা গেছে। তবে তারা পালিয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার ছেলে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছিলেন। আগুন ধরিয়েই তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।