নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল নিয়ে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গদাধরপুরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলীবুদ্দিন খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়া এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিলন, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব মইন উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব ইমন হাসান রকিসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, কোনো ধরনের উসকানি বা সহিংসতায় পা না দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এ সময় উপজেলা বিএনপি, যশোর জেলা যুবদল ও চৌগাছা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।