বৃহত্তর যশোর অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে বৃহত্তর যশোরের কৃষি, পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বৃহত্তর যশোর জেলা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সমস্যার মুখোমুখি হয়ে আসছে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির পানি সময়মতো নিষ্কাশন না হওয়ায় অনেক এলাকায় কৃষিজমি পানিতে তলিয়ে থাকে। এতে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাভাবিক জনজীবনেও নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত সেচ সুবিধার অভাব কৃষি উৎপাদনের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে।
এ অবস্থায় বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতাপ্রবণ এলাকার সমস্যা চিহ্নিতকরণ, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদনকে আরও গতিশীল করা।
সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়নের বিভিন্ন পর্যায়, সংশ্লিষ্ট সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভাকে বৃহত্তর যশোর অঞ্চলের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হলে একদিকে যেমন কৃষিজমি রক্ষা পাবে, অন্যদিকে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে পরিকল্পিত সেচ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষকরা মৌসুমভিত্তিক চাষাবাদে আরও বেশি সুযোগ পাবেন।
বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্পের কার্যকর বাস্তবায়ন হলে যশোরসহ আশপাশের এলাকার কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।