গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি মেডিসিন গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে মহানগরীর কোনাবাড়ী এম এম রোডের মুক্তা মার্কেটে অবস্থিত ‘অথৈ মেডিসিন কর্নার’-এর গোডাউনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গোডাউনে থাকা বিপুল পরিমাণ ওষুধ ও আসবাবপত্র পুড়ে গেছে।
সকালে গোডাউনটি বন্ধ থাকা অবস্থায় এর পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের পেছনের অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে বর্তমানে তদন্ত চলছে।