গাজীপুরের ৫৭ নং ওয়ার্ডের টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার স্থাপন ও এর কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, সুস্থ-সুন্দর গাজীপুর গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বক্তারা বলেন, স্টেডিয়ামের মতো জনবহুল ও ক্রীড়া এলাকার সামনে ময়লার ভাগার থাকায় এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় অবিলম্বে আধুনিক ও টেকসই উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

​বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ডাঃ হাফিজুর রহমান-এর প্রধান উপস্থিতিতে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আঃ রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার সহ-সম্পাদক আবুল হোসেন এবং মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী।

​এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ড জামায়াতের আমীর এবি এম সাইফুল্লাহ ও সেক্রেটারি মাসুদ আলম। ৫৫ নং ওয়ার্ডের আমীর মোক্তার হোসেন মুন্সীর সাবলীল সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন।

​বক্তারা অবিলম্বে স্টেডিয়ামের সামনে থেকে ময়লার ভাগার অপসারণ করে পরিবেশসম্মত ও আধুনিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জোরালো দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।