বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ভারত সফরে যাচ্ছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ তামিম ইকবাল। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
এই সফরের প্রধান লক্ষ্য বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আধুনিক ‘সেন্টার অব এক্সিলেন্স’ পরিদর্শন করা। পূর্বাচলে একটি বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বর্তমান বিসিবি বোর্ডের।
ভারত সফরকালে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের নির্ধারিত সিরিজ বা আসন্ন দ্বিপাক্ষিক সিরিজগুলো নিয়ে দুই বোর্ডের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই প্রকল্পের অংশ হিসেবে ভারতের অত্যাধুনিক অবকাঠামো, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, জিমনেসিয়াম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্স সুবিধাগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন বিসিবি সভাপতি। উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত বিসিবির সভায় পূর্বাচল স্টেডিয়ামে এই এক্সিলেন্স সেন্টার নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে এবং দ্রুতই এর কাজ শুরুর ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি।