সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার বেশ কয়েকজন প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। নিহতের স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ ভারাক্রান্ত।

গত রোববার (৯ আগস্ট) দুপুর দুইটার দিকে রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ১৩ জন প্রবাসী প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন নামের দুই ভাই রয়েছেন। তাদের মা ময়না খাতুন বিলাপ করে জানান, ঘটনার কিছুক্ষণ আগেও মেজো ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। কারখানায় আগুন লাগার পর ভয়ে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে মোহন বলেছিলো, ‘মা, আমি আর কথা কমু না নে মা। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি।’ দেশে ফিরে বিয়ে করার প্রবল ইচ্ছা ছিল মোহনের।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আগুনে পুড়ে আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন: সুমন (৩৫) ও হাসিবুল হাসান শুভ (২৭)— ডুবাই গ্রাম, মোহন প্রামানিক, সুমন প্রামানিক, রুবেল হোসেন (৩০) ও কলি প্রামাণিক (৩৫)— গন্ডগোহালি গ্রাম, আব্দুল জলিল (৩৮)— পারকাসুন্দা গ্রাম, সাগর (৩১) ও মজিদুল (৩৪)— বিশা গ্রাম, ফরিদ শেখ (৩২)— উদনপৈ গ্রাম।