ভালোবাসার টানে মানুষ কতদূর যেতে পারে? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যা তার ভালোবাসার জন্য দুর্গম এক যাত্রা শুরু করে। কিন্তু এর শেষ কোথায়? এমন এক রোমাঞ্চকর ও আবেগঘন প্রশ্নের উত্তর মিলবে আগামী ২১ জুন। এদিন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ ওয়েব ছবি ‘লাইফলাইন’। কাজী আসাদের পরিচালনায় এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মূলত তার চরিত্রের সফর ঘিরেই এগোবে এই সিনেমার গল্প।

এর আগে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ বানিয়ে ওটিটি দুনিয়ায় ব্যাপক প্রশংসা পেয়েছেন নির্মাতা কাজী আসাদ। নতুন এই প্রজেক্ট নিয়ে তিনি বলেন:

"ড্রামা আমার খুব পছন্দের জনরা। সেই জায়গা থেকে এবার একটি সোশ্যাল ড্রামা নিয়ে কাজ করলাম। গল্পের আইডিয়াটা শোনার পরই মনে হয়েছিল, এটা সিনেমার গল্প হতে পারে। এই ঘরানার গল্পের মধ্যে সামাজিক সচেতনতা যেমন আছে, তেমনি আছে ভরপুর ইমোশন।"

গত বুধবার রাতে প্রকাশ পেয়েছে ‘লাইফলাইন’-এর অফিশিয়াল ট্রেলার। ট্রেলারে দেখা যাচ্ছে, বিদ্যা সিনহা মিম ব্যাকুল হয়ে কাউকে খুঁজছেন। আর দুর্গম এই যাত্রায় তার সহযোগী হিসেবে দেখা গেছে অভিনেতা রিজওয়ান পারভেজকে। কঠিন ও পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে মিমকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন তিনি, আবার পথচলতি দুজনকে মেতে উঠতে দেখা গেছে মান-অভিমানের ঝগড়াতেও।

অভিনেতা রিজওয়ান পারভেজ জানান, ‘লাইফলাইন’ মূলত দায়িত্ববোধ, ভালোবাসা আর অনুভূতির গল্প। ভালোবাসার অনেক রূপ থাকে, এখানে তেমনই একটি বিশেষ রূপ দেখানো হয়েছে যা দর্শকদের মনে নতুন বোধের জন্ম দেবে।

শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিদ্যা সিনহা মিম বলেন:

"একে তো মাটির উঁচু–নিচু দুর্গম রাস্তা, তার ওপর প্রচণ্ড গরম। একটা-দুটো দৃশ্য করেই সবার অবস্থা খারাপ হয়ে যেত। তবে আমাদের অভিনয়শিল্পীদের মধ্যে কাজের প্রতি একটা আলাদা টান থাকে। দেখা যেত অল্প একটু কাজ করেই সবাই কাহিল, কিন্তু যখন মনিটরে দেখতাম দৃশ্যটা ভালো হয়েছে, তখন ক্লান্তি ভুলে আবার পুরোদমে কাজ শুরু করে দিতাম।"

সোশ্যাল ড্রামা ঘরানার এই ছবিতে মিম ও রিজওয়ানের পাশাপাশি আরও অভিনয় করেছেন একঝাঁক তারকা— গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা প্রমুখ। ছবিটির মূল গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীর।