দীর্ঘ ১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটন সফর করবেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরদিনই তিনি যুক্তরাষ্ট্র ছাড়বেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও ২৪ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য শির ওয়াশিংটন সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শি’র সফরসূচি সম্পর্কে অবগত চারজন ব্যক্তি জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে চীনের প্রেসিডেন্ট সশরীরে অংশ নিচ্ছেন না। এর আগে ২০১৫ সালে জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি সর্বশেষ সরাসরি জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন।
বর্তমান ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এই শীর্ষ বৈঠকটি হতে যাচ্ছে। বৈঠকে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিসহ নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে শি জিনপিংয়ের অনুপস্থিতির কারণে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে চীনের অবস্থান এবং ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সরাসরি তুলনার সুযোগ কিছুটা কমে যাবে।
যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই দেশের শীর্ষ নেতার এই সাক্ষাৎ আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।