তিনি ছোট পর্দার অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ। দীর্ঘ ক্যারিয়ারে দুর্দান্ত অভিনয়গুণে জয় করেছেন কোটি দর্শকের মন। বিশেষ করে জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাসের ‘রঙের মানুষ’ কিংবা ‘হারকিপটে’র মতো কালজয়ী ধারাবাহিক নাটকগুলোতে তার সাবলীল ও অনবদ্য অভিনয় এখনো দর্শকহৃদয়ে দাগ কেটে আছে। বলা হচ্ছে দর্শকপ্রিয় অভিনেতা আ খ ম হাসানের কথা।

এতকাল মূলত ছোট পর্দাতেই তার একক আনাগোনা থাকলেও, এবার ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র আসন্ন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ একেবারে ব্যতিক্রমী এক লুকে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আ খ ম হাসান নিজেই তার এই নতুন চরিত্রটির একটি বিশেষ লুক শেয়ার করেন। ছবিতে তাকে ভেজা চুলে, চোখে জল এবং এক চরম আকুলতা মেশানো বিষণ্ণ ও আতঙ্কিত চাউনিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। মূলত কমেডি ঘরানার নাটকে অভ্যস্ত দর্শকের কাছে তার এই সিরিয়াস ও রহস্যময় রূপ ব্যাপক কৌতূহল ও উন্মাদনার সৃষ্টি করেছে। নেটিজেনরা তাকে ‘জাত শিল্পী’ ও ‘কিংবদন্তি অভিনেতা’ আখ্যা দিয়ে ওটিটিতে তাকে নিয়মিত দেখার দাবি তুলেছেন।

ওয়েব ফিল্মটিতে আ খ ম হাসানকে এমন ভিন্নধর্মী চরিত্রে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে এর পরিচালক কাজী আসাদ জানান:

"আমরা যে চরিত্রটির জন্য অভিনেতা খুঁজছিলাম, উনি সেটার সাথে একদম পারফেক্টলি ফিট করেন। উনি তো আসলে অত্যন্ত দুর্দান্ত একজন অ্যাক্টর। তবে সামহাউ ওনাকে আমরা সবসময় একটু কমেডি বেসড কাজেই বেশি দেখে অভ্যস্ত। সিরিয়াস ক্যারেক্টারে হয়তো নির্মাতারা ওনাকে একটু কম কাজ করান। কিন্তু আমাদের গল্পের প্রয়োজনে ওনাকেই দরকার ছিল।"

নেটিজেনদের দাবির সঙ্গে একমত পোষণ করে নির্মাতা আরও বলেন, ওটিটি আসার কারণে এখন গুণী ও অভিজ্ঞ শিল্পীদের সঠিকভাবে ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে। আ খ ম হাসানের মতো অভিনেতাদের আরও ভালো ভালো কাজ পাওয়া উচিত। প্রথমবার তার সাথে কাজের অভিজ্ঞতাও দারুণ বলে জানান এই পরিচালক।

সামাজিক মাধ্যমে অনেকেই তানিম নূরের সাথে মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরীর কোলাবোরেশনের উদাহরণ টেনে আ খ ম হাসানকে মূল চরিত্রে হাইলাইট করার কথা বলছেন। এ প্রসঙ্গে নির্মাতা কাজী আসাদ খানিকটা বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়ে বলেন:

"কোন পারফর্মার কীভাবে ফ্লোরিশ করবে এটা শুধু তার পারফরম্যান্সের ওপরে ডিপেন্ড করে না; ইন্ডাস্ট্রি পলিসি, পরিচালকদের চয়েস— অনেক কিছুর ওপরেই আসলে নির্ভর করে। তবে হ্যাঁ, উনি খুবই ভালো অ্যাক্টর এবং আরও বেটার কাজ পেলে হয়তো আরও বেশি ফ্লোরিশ করতে পারতেন। আমরা যে পারপাসে ওনাকে কাস্ট করতে চেয়েছিলাম, সেটা অডিয়েন্স ফিল্মটা দেখলেই বুঝতে পারবে যে প্রপার কাজ হয়েছে।"

উল্লেখ্য, ওটিটিতে এটি আ খ ম হাসানের প্রথম কাজ নয়; এর আগে ‘বঙ্গ’ প্ল্যাটফর্মে তার ‘তাজমহল’ নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছিল। তবে ‘লাইফলাইন’-এর ট্রেলারে তার এই রূপ দর্শকদের প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি ফিল্ম ‘লাইফলাইন’-এর ট্রেলার। ভালোবাসা, দায়িত্ববোধ, সময়ের সঙ্গে লড়াই এবং এক অনিশ্চিত ও দুর্গম যাত্রার রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এতে আ খ ম হাসান ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, গাজী রাকায়েত, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি প্রমুখ। মাহমুদুল হাসান ও কাজী আসাদের মূল গল্পে এর চিত্রনাট্য লিখেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ। আগামী ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।