গাজামুখী ত্রাণবাহী বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের সঙ্গে ঘটিত একটি ঘটনার জেরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, এই মামলায় ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে ২০২৬/১০৮ নম্বর মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছে, যার মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচ অন্তর্ভুক্ত রয়েছেন।
তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে এবং সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র অভিযান এবং ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটক ও ত্রাণবাহী বহর জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত।
আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ছাড়াও গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতিসাধন এবং পরিবহণযান ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বিচারমন্ত্রী আকিন গুরলেক স্পষ্ট জানিয়েছেন যে, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং ফিলিস্তিনি জনগণের পাশে থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে তুরস্ক সমস্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে।
(তথ্যসূত্র: সামা টিভি)