ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ মোছা. তসলেমা আকতার (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে বালিয়াডাঙ্গী থানাধীন পারুয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তসলেমা আকতার পারুয়া গ্রামের আকতাফুল ইসলামের স্ত্রী এবং তসলিম উদ্দিন ও তহমিনা দম্পতির কন্যা। তার বিস্তারিত ঠিকানা—পারুয়া, ডাকঘর: মোড়ল হাট, থানা: বালিয়াডাঙ্গী, জেলা: ঠাকুরগাঁও।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার তসলেমা আকতারের বিরুদ্ধে এর আগে থেকেই বিভিন্ন থানায় চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”