রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে (বিদিশা এরশাদ) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা ছিল। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, তিনি গুলশান থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।