হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাখী উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনটিতে অন্তর্বাসের মতো বিশেষ একটি পোশাক পরে ভাইকে রাখী পরানোর দৃশ্য দেখানোর পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজের অনেকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। অবশেষে এই পোশাক বিতর্ক নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন কৃতি।

ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় কৃতি স্যানন বলেন, "উৎসবের আসল সৌন্দর্য আপনি কী পোশাক পরেছেন, তাতে নয়; বরং ঐতিহ্যের প্রতি আপনার আবেগ ও তার তাৎপর্য উপলব্ধির মধ্যে নিহিত। রাখী বন্ধন হলো সুরক্ষার বন্ধন। আমার বোন ও আমি একে অপরের হাতে রাখী বাঁধি। আমরা জানি, একজন ভাই যেমন তার বোনকে রক্ষা করতে পারে, আমরাও একে অপরকে কোনো অংশে কম রক্ষা করতে পারি না।"

পোশাক নিয়ে চলা সমালোচনার বিপরীতে প্রশ্ন রেখে অভিনেত্রী বলেন, "নারী কী পোশাক পরবে, সেটা নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে? বছরের পর বছর ধরে এথনিক ফ্যাশন বদলেছে, কিন্তু এখনও একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তার পোশাক দিয়েই মাপা হয়! মনে রাখবেন, সংস্কৃতি ও ঐতিহ্য নারীর হৃদয়ে, তার পোশাকের নেকলাইনে (গলার ডিজাইন) নয়।"

উল্লেখ্য, ওই বিজ্ঞাপনচিত্রে কৃতি স্যাননকে একটি কুকুরকেও রাখী বাঁধতে দেখা যায়, যা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, বাড়ির কুকুরও পরিবারেরই একটি অংশ, তাই এতে ঐতিহ্যের অবমাননার কোনো সুযোগ নেই।