গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের চাকরি, পদায়ন ও কার্যপদ্ধতি নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং তাঁর মানহানির উদ্দেশ্যে একটি কুচক্রী মহলের চক্রান্ত মাত্র। মূলত সঠিক তথ্য গোপন করে এবং কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ওই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদে নাজমুল হকের চাকরি ও পদায়ন নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা বাস্তবসম্মত নয়। মূলত তিনি টঙ্গী পৌরসভার লাইসেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান তাঁর সততা ও কর্মদক্ষতা মূল্যায়ন করে পদোন্নতি দিয়ে তাঁকে রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেন। তাঁর চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য ও পদায়ন প্রক্রিয়া আইনসম্মতভাবে তাঁর সার্ভিসবুকে যথাযথভাবে অন্তর্ভুক্ত রয়েছে, যা দাপ্তরিক নথিপত্রেই স্পষ্ট।
কোনাবাড়ী জোনে দায়িত্ব পালনকালে তৎকালীন এক কর্মকর্তার সঙ্গে অসদাচরণ বা হাতাহাতির যে অভিযোগ সংবাদে প্রকাশ করা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা। ওই সময় বিষয়টি নিয়ে দাপ্তরিকভাবে তদন্ত কমিটি গঠিত হলেও পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তদন্তে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়। ফলে ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সংশ্লিষ্টতা বা অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।
নাজমুল হকের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বা মামলার বিষয়ে কোনো বিশেষ মহলের সঙ্গে যোগাযোগের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক। তিনি একজন পেশাদার সরকারি কর্মকর্তা হিসেবে সবসময় নিরপেক্ষ থেকে দাপ্তরিক দায়িত্ব পালন করে আসছেন। কোনো বিশেষ রাজনৈতিক দলের কার্যক্রমে তাঁর জড়িত থাকার প্রশ্নই আসে না।
নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে রাজস্ব কর্মকর্তা নাজমুল হক বলেন, "আমার দীর্ঘ চাকরিজীবনে আমি সবসময় নিয়ম, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।"
সংশ্লিষ্টদের মতে, কোনো দাপ্তরিক নথিপত্র যাচাই না করে এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ শুধু একজন কর্মকর্তার পেশাগত মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং গণমাধ্যমের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। এই ধরনের অসত্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।