গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে পাকিস্তানের তৈরি একটি রিভলবার, ৫ রাউন্ড তাজা গুলি, ১টি খালি কার্তুজ এবং একটি স্টিলের চা-পাতিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার জিএমপি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
জিএমপি গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনা ও সহকারী পুলিশ কমিশনারের নজরদারিতে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হারিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গাছা থানাধীন দক্ষিণ খাইলকৈর কালিক্ষেত এলাকার একটি টিনশেড বাসায় এই অভিযান চালান।
অভিযানকালে মূল অভিযুক্ত মো. খোরসেদুল আলমকে (২৯) তার শয়নকক্ষ থেকে আটক করা হয়। এ সময় তার সহযোগী স্বপন (২৬) কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে পৃথক অভিযানে তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, আটকের পর খোরসেদুল আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়নকক্ষের খাটের তোশকের নিজ থেকে নিজ হাতে বের করে দেওয়া অবস্থায় অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এই ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।