টাঙ্গাইলের মধুপুরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শোলাকুড়ির সর্বস্তরের জনতা।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় শোলাকুড়ি বাজার বাসস্ট্যান্ডে ‘মাদক ছাড়, না হয় গ্রাম ছাড়’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালিত হয়।

গ্রামবাসী ও ‘মাদকবিরোধী জনতা’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বণিক সমিতির সদস্য ও স্থানীয় এলাকাবাসীসহ প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

শোলাকুড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী, শোলাকুড়ি বাজার বণিক সমিতির সভাপতি ফরিদ আলী, শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম এবং প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিষাক্ত থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে মাদক কারবারীদের কঠোরহস্তে দমন করতে হবে। সরকারপ্রধানের জিরো টলারেন্স নীতিতে উজ্জীবিত হয়ে শোলাকুড়িবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আজকের এই মানববন্ধন থেকেই মাদকের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করা হলো। এখন থেকে মাদকের সঙ্গে জড়িতদের যেখানেই পাওয়া যাবে, আটক করে আইনের হাতে সোপর্দ করা হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় গ্রামবাসী, শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবসায়ীরা জানান, এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই আন্দোলন অত্যন্ত জরুরি। মাদকের আস্তানা গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত শোলাকুড়ির সচেতন নাগরিক সমাজ রাজপথ ছাড়বে না।