সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইকনিক লুকে ক্যামেরার সামনে এসে সম্প্রতি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর একটি পর্বের জন্য এই সাজ নিয়েছিলেন তিনি।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিশেষ সাজের কারণ ও পেছনের ভাবনা স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

সাজটি কি নিছকই ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করা—এমন প্রশ্নের জবাবে চমক জানান, এটি তাঁর নিয়মিত ভিডিও নির্মাণের একটি অংশ মাত্র। তিনি এর আগেও তাঁর ভ্লগে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় যেমন মণিপুরী বা গারোদের কস্টিউম পরেছেন, তাঁতশিল্প নিয়ে কাজ করার সময় তাঁতের শাড়ি পরেছেন। যখন যে বিষয়ের ওপর ভিডিও বানান, সেই পরিবেশের সঙ্গে মানানসই লুক নেওয়াই তাঁর কাজের ধরন। ফ্যাশন, ট্র্যাডিশন ও কালচার নিয়ে পড়াশোনা করার কথা জানিয়ে তিনি বলেন, পোশাকের মাধ্যমেই দেশের পরিচয় ও সংস্কৃতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব।

চলতি বছরে বিএনপির রাজনৈতিক ব্যানারে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনে আলোচনায় আসা চমক তাঁর রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে বলেন, তিনি মূলত ‘দেশনীতিবিদ’ হতে চান। দেশের জন্য বড় কোনো প্ল্যাটফর্ম পেলে পলিসি মেকিং এবং দেশের পরিবর্তনে ভূমিকা রাখা সহজ হবে বলেই তিনি রাজনীতিতে জড়িয়েছেন। এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন প্রসঙ্গে তিনি এক কথায় কোনো রায় না দিয়ে জানান, এটি নিয়ে দীর্ঘ গবেষণা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে পা রাখা চমক ‘মহানগর’, ‘হাউস নম্বর-৯৬’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভ্লগিং করে যাচ্ছেন তিনি।