সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়া ফেনীর পরশুরামের তিন বছরের শিশু শাফায়েত হোসেন রাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়িতে খেলার সময় বিষধর সাপের ছোবলে আক্রান্ত হয় সে।

পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে রান্নাঘরে খেলার সময় চিৎকার করে উঠলে রাফাতের বাম উরু ফুলে কালচে হয়ে যাওয়ায় সাপের ছোবলের বিষয়টি নিশ্চিত হন স্বজনরা।

প্রথমে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে এবং শিশুটির আইসিইউ সাপোর্টের প্রয়োজন দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।