দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, পলাতক থাকা এবং ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকার অভিযোগে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায় (২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত), ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার (২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে অনুপস্থিত), রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান (২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে অনুপস্থিত), অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক (২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত), বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম (২০২৫ সালের ৯ মার্চ থেকে অনুপস্থিত) এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ (২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে আর কর্মস্থলে যোগ দেননি)।
অন্যদিকে, ঘুষ নেওয়ার অভিযোগে অব্যাহতি পেয়েছেন নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামান। তাকে এসআই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করার অভিযোগে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়। তদন্তে প্রমাণিত হয় যে তিনি ভুক্তভোগীর কাছ থেকে তার অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেন, কিন্তু চাকরি না দেওয়ায় টাকা ফেরত চাওয়ার পরও তা দেননি।