বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে গত বুধবার সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন এবং সংসদের কার্যপ্রণালী শেষে জিয়ার মাজারে গিয়ে শ্রদ্ধা জানান।