বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুংকার দিয়েছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
নাটোর থেকে আব্দুল আলিমের পাঠানো তথ্যে বিস্তারিত—
আজ শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি আব্দুল আজিজ বলেন, "দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে আমাকে গোপনে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে জানাবেন। সে যেই হোক না কেন, তার মূল উৎপাটন করা হবে।"
ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, সরকার লভ্যাংশ রেখেই কাজ দিয়েছে। অতিরিক্ত মুনাফার লোভে সড়কের গুণগত মান নষ্ট করলে জনগণ তা মেনে নেবে না।
এর আগে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে সড়ক পাকাকরণের কাজ শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। তারা জানান, এই সড়ক হওয়ায় এলাকার হাজারো মানুষের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন সহজ হবে।
সড়ক উদ্বোধন শেষে এমপি আব্দুল আজিজ সড়কের ধারে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় একটি জামে মসজিদের উন্নয়নে দ্বিতীয় দফায় তিন লাখ টাকা অনুদান দেন।
এ সময় গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মিলন মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।