বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সর্ববৃহৎ দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া তাঁর সংস্থার মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগ চিকিৎসায় নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ প্রদান ও উপার্জনক্ষম করে তোলার মতো নানাবিধ উদ্যোগের বিষয়গুলো বৈঠকে উপস্থাপন করা হয়।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে আরও নতুন উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সার্বিক সহায়তারও আশ্বাস দেন আমীরে জামায়াত।
এ সময় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।