ইসলামী মূল্যবোধের চর্চা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিনব্যাপী চলমান ৫৬তম আন্তর্জাতিক সিরাত মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ৫৬ বছরের পথপরিক্রমায় চুনতীর এই সিরাত মাহফিল বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েতে রূপ নিয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই মাহফিল থেকে মানুষ মহানবীর সাম্য, ন্যায়, ইনসাফ ও মানবতার শিক্ষা লাভ করছে। বর্তমান সময়ে দেশের স্বার্থ, মানুষের মৌলিক অধিকার এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে কোনো ধরনের আপস করা চলবে না।
তিনি আরও বলেন, আলেম-ওলামা ও তরুণ প্রজন্মসহ দেশের সর্বস্তরের জনসাধারণ ঐক্যবদ্ধভাবে কাজ করলেই একটি স্বাধীন ও মর্যাদাশীল ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা সম্ভব। ঐতিহাসিক এই মাহফিল প্রজন্ম থেকে প্রজন্মে রাসূলের (সা.) আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।