পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ও টঙ্গী পূর্ব থানা কাবাডি প্রতিযোগিতা-২০২৬।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী সিটি করপোরেশন স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিয়া, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ। এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।