ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফসা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকচালক আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা নগরকান্দার জুঙ্গুরদী এলাকার প্রাথমিক শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে এবং সালথার সোনাপুর মিনহাজদিয়ার মঞ্জুর মোল্যার নাতনি। বৃহস্পতিবার নানা বাড়ি বেড়াতে যাওয়া হাফসাকে নিয়ে রোববার দুপুরে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তার মা চামেলি বেগম। পথিমধ্যে কাগদী বাজার মোড়ে একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে সামন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় এবং শিশু হাফসা ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।