রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড ও এমআর কলেজ মোড় এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১১ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। আহতরা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের সমর্থকদের একটি মিছিল এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
উভয় পক্ষের লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থানের ফলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে হওয়া বাগ্বিতণ্ডা ও হট্টগোলের জেরেই এই সংঘর্ষ বাধে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।