কুমিল্লায় নিখোঁজ দাবি করা বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ হত্যার অভিযোগকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেছেন, নিজেদের অনৈতিক কর্মকাণ্ড ঢাকতে জামায়াত-শিবির দেশে পরিকল্পিতভাবে গুমের ‘নাটক ও প্রোপাগান্ডা’ ছড়াচ্ছে, যা অতীতে গুম হওয়া শত শত নেতাকর্মীর আত্মত্যাগের প্রতি চরম তাচ্ছিল্য ও অপমান।সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, কুমিল্লায় পুলিশ যাকে গ্রেফতার করেছে, তার নাম ছাত্রশিবিরের প্রকাশিত কোনো কমিটিতে আগে দেখা যায়নি, কারণ শিবির তাদের কেন্দ্রীয় কমিটিও গোপন রাখে।
গত শনিবার (১৩ জুন) রাত ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাত্রশিবিরের তীব্র সমালোচনা করে বলেন: "আমরা ছাত্রশিবিরের প্রতি ধিক্কার জানাচ্ছি। তারা ভুক্তভোগী নারীর নাম উল্লেখ করে প্রেস রিলিজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরা প্রচার চালিয়েছে। কথায় কথায় তারা ইসলামের কথা বলে, নারীর অধিকারের কথা বলে; কিন্তু তাদের আসল চরিত্র আজ কর্মকাণ্ডেই প্রকাশ পেয়ে গেছে।"গুমের অপপ্রচার প্রসঙ্গে রকিবুল ইসলাম আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির, নির্বাচিত এমপিরা এবং শিবিরের বিভিন্ন স্তরের নেতারা একযোগে দেশে আবার ‘গুমের সংস্কৃতি’ চালু হয়েছে বলে মিথ্যা প্রচার চালিয়েছেন। বিগত দুই বছরে যারা বিভিন্ন মব-কে উসকে দিয়েছে, নেতৃত্ব দিয়েছে এবং ক্যাম্পাসে প্রোপাগান্ডা ছড়িয়েছে, তাদের জবাব দিতে হবে। তিনি অভিযোগ করেন, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনলাইন গ্রুপগুলো দখল করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক এই নোংরা রাজনীতির সুযোগ নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।শিবিরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে নাসির বলেন:"শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রেমের সম্পর্কের কারণে অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ধর্ষণ ও ভ্রূণ হত্যার মতো জঘন্য অপরাধের বিষয়ে তারা কোনো বিচার বা অবস্থান স্পষ্ট করেনি। কোনো ঘটনা ঘটলেই জামায়াতের আমির তার ভেরিফায়েড আইডি থেকে গুমের নাটক মঞ্চস্থ করেন। ৫ আগস্টের পর দেশে যত প্রোপাগান্ডা ছড়িয়েছে, তার বড় অংশই জামায়াতের আমিরের মাধ্যমে ছড়ানো হয়েছে। এভাবে নাটক সাজিয়ে তারা অতীতের প্রকৃত গুমের ঘটনাগুলোকে অপমান করছেন।"সমাবেশ থেকে বক্তারা অভিযুক্ত শিবিরের সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়ার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সাথে গুম ও অন্যান্য সংবেদনশীল জাতীয় ইস্যুতে সব ধরনের ‘রাজনৈতিক প্রোপাগান্ডা’ বন্ধের আহ্বান জানান।বিক্ষোভ ও সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল ও শাফি ইসলাম, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী।