বলিউড তারকা শাহিদ কাপুর, কৃতি সেনন এবং রাশমিকা মান্দানা তাদের আসন্ন সিনেমা ‘ককটেল ২’ এর প্রচারে গিয়ে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়েছেন। সম্প্রতি পুণের একটি শপিং মলে আয়োজিত একটি ফ্যান ইভেন্ট দ্রুতই জনসমুদ্রের চাপে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জানা গেছে, শুরুতে এটি ছিল সাধারণ ভক্তদের সঙ্গে তারকাদের দেখা করার একটি সাধারণ প্রচারণামূলক আয়োজন। তবে প্রিয় তারকাদের একনজর দেখতে কিছুক্ষণের মধ্যেই মলে ভিড় আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। একপর্যায়ে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বহু মানুষ অভিনেতাদের একেবারে কাছাকাছি চলে আসেন। এতে পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খান আয়োজক ও নিরাপত্তাকর্মীরা।
এই চরম বিশৃঙ্খলার মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে একটি বিশেষ মুহূর্ত। ভিড়ের চাপে রাশমিকা মান্দানাকে শক্ত করে আগলে ধরতে দেখা যায় কৃতি সেননকে। ভিডিওতে দেখা যায়, কৃতি যেন নিজের ছোট বোনের মতো রাশমিকাকে আগলে রেখে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তিনি রাশমিকাকে ভিড়ের বাইরে নিয়ে যেতে সাহায্য করেন। তারকাদের এমন কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানোর এই সুন্দর দৃশ্যটি এখন নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিপুল ভিড়ের মধ্যে ঠেলাঠেলির কারণে অভিনেতারা সামনে এগোতে পারছেন না। কার্যত সেখানেই আটকে পড়েন কৃতি, রাশমিকা ও শাহিদ কাপুর। পরিস্থিতি ক্রমেই অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শেষপর্যন্ত অনুষ্ঠানটি মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। আচমকা এমন অব্যবস্থাপনার কারণে অভিনেতা শাহিদ কাপুরকে বেশ বিরক্ত দেখায়।