পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ব্যর্থ হওয়ার পর রাজপথে লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে এই লংমার্চ শুরু করে পিটিআই নেতা-কর্মীরা। দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রা আগামী ৮ অক্টোবর ইসলামাবাদে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত সরকারের সঙ্গে পিটিআই নেতাদের দুই দফার বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় পিটিআইয়ের মূল দাবি ছিল ইমরান খানের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ, ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা, আটক তিন বোনের মুক্তি এবং স্ত্রী বুশরা বিবির পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা। তবে সরকার লংমার্চ আগে বাতিলের শর্ত দেওয়ায় এবং ইমরানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ না দেওয়ায় আলোচনা ভেস্তে যায়।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ৭৩ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। সংঘর্ষ ও রক্তক্ষয় এড়াতে গত ২৭ সেপ্টেম্বরের পূর্বনির্ধারিত লংমার্চ কর্মসূচি স্থগিত করে ৪ অক্টোবর পুনর্নির্ধারণ করেছিল পিটিআই।