বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
"শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর" — এই স্লোগানকে সামনে রেখে ৫ অক্টোবর (সোমবার) সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ, আদর্শ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিক্ষক রেজাউল করিম বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত বক্তারা শিক্ষকদের মান-মর্যাদা সমুন্নত রাখা এবং বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মানসম্মত পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।