এত বড় গণঅভ্যুত্থানের পরও দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় নেই এবং ‘পাশা পুরো উল্টে গেছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের কাঙ্ক্ষিত অধিকার ও একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম অ্যাজেন্ডায় ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করে মাহমুদুর রহমান মান্না বলেন:

‘বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল। কিন্তু প্রশ্ন হলো, এত বড় আন্দোলনের পরও কি দেশের মানুষ ভালো আছে? যারা লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখল, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কি আমরা পেয়েছি? আজ পুরো পাশা উল্টে গেছে।’

সম্প্রতি ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ কোটি টাকারও বেশি অঙ্কের বিশাল বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, বাজেটের ভেতর সুন্দর সুন্দর কথার চানাচুর দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব গ্যারান্টি বা ভিত্তি নেই। যে সরকার ঠিকমতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বা নতুন ঘোষিত বেতন স্কেলের টাকা সংস্থান করতে পারে না, তারা এই বিশাল বাজেটের টাকা কোত্থেকে দেবে?

মান্না সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, অর্থনীতিকে বাদ দিয়ে যারা কেবল রাজনীতি করতে চায়, তারা দেশকে কখনো সামনে এগিয়ে নিতে পারবে না। জনতুষ্টির সস্তা পথ ছেড়ে সাধারণ জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম ও দীর্ঘমেয়াদি সংকটে পড়বে।

স্মরণসভায় মোস্তফা মহসিন মন্টুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।