জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট আলোচনায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলে তোলপাড় সৃষ্টি করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান। তবে সরকারি দলীয় এক সংসদ সদস্যের আপত্তির মুখে আইনি ও সংসদীয় রীতিনীতি অনুযায়ী তাঁর বক্তব্যের সেই বিতর্কিত অংশটুকু সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনে বাজেট এবং পয়েন্ট অব অর্ডারের আলোচনায় এই চিত্র উঠে আসে। স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ধর্ষণের বিষয়টি এক্সপাঞ্জ করেন।

বাজেট আলোচনায় অংশ নিয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান বলেন, "বাজেটে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হয়েছে, যা হিসাব করলে ওয়ার্ড প্রতি ৯০টি পরিবার পায়। ফলে দরিদ্র পরিবারগুলোর মাঝে এই কার্ড পাওয়ার তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই সুযোগে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার করার ঘটনা সংবাদপত্রগুলোতে আমরা দেখেছি। ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া হচ্ছে, এটা প্রতিদিনের রিপোর্ট।"

তাঁর এই বক্তব্যের পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তীব্র আপত্তি জানান নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন:

"মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য বলেছেন ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সংসদে এভাবে কথা বলা উচিত না, সংসদের ভাষা জানতে হবে।"

মাহবুব উদ্দিন খোকন এই বক্তব্যটি এক্সপাঞ্জ করার দাবি জানালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তা তাৎক্ষণিক এক্সপাঞ্জ (বাদ) করার ঘোষণা দেন।

ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তের পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রতিবাদ জানান সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি বলেন, "সংসদ সদস্য যদি অসত্য তথ্য দিয়ে থাকেন বা অসংসদীয় শব্দ ব্যবহার করেন তবেই বক্তব্য এক্সপাঞ্জ হবে। আমার ধারণা উনি কোনো অসংসদীয় শব্দ বলেননি, কাজেই ওনাকে তথ্য দেওয়ার সুযোগ দেওয়া হোক।"

এরপর জামায়াতের এই দুই নেতার প্রতিবাদের মুখে ডেপুটি স্পিকার মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানকে পুনরায় কথা বলার সুযোগ দেন। তখন তাজউদ্দিন খান তাঁর দাবির সপক্ষে সুনির্দিষ্ট দুটি তথ্য ও মামলার বিবরণ সংসদে তুলে ধরেন:

২০২৬ সালের ১০ এপ্রিল ফরিদপুরের সোনাগাজী থানায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়, যার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা ওসি জানিয়েছেন।

গত ২৫ এপ্রিল রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাঙা ইউনিয়ন পরিষদের বিএনপির সহ-সম্পাদক এনামুল হককে এই সংক্রান্ত অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়।

সংসদ সদস্যের এই ব্যাখ্যার পর নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন আবারও দাঁড়াতে গেলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁকে বসতে বলেন এবং বিষয়টি পরিষ্কার করে চূড়ান্ত রুলিং দেন।

ডেপুটি স্পিকার বলেন, "ফ্যামিলি কার্ড যে প্রজেক্ট, সেটি শুধু প্রধানমন্ত্রী বা এই সরকারের না, এটি সারা দেশের মানুষের ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রজেক্ট সম্পর্কে যেহেতু একটি স্পর্শকাতর অভিযোগ আনা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ ক্লারিফিকেশন দেওয়া সম্ভব হয়নি, সে কারণে বক্তব্যের ‘ধর্ষণের অভিযোগের’ লাইনটুকু চূড়ান্তভাবে এক্সপাঞ্জ করা হলো।"