মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক কঠোর অবস্থান নেওয়ায় বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেন এবং তাদের বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা দেন।

স্থানীয় ও বিজিবি সূত্র জানিয়েছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে (নির্জন এলাকা) অবস্থান করছেন। অবরুদ্ধ এই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সীমান্তে আকস্মিক পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ গ্রামবাসীরাও শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ঘটনাস্থলের ঠিক বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। মূলত সেই ক্যাম্পের জোয়ানরাই এই পুশইনের চেষ্টা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, "ভোরে মেহেরপুর সীমান্তে চারজনের পুশইন চেষ্টা অত্যন্ত দক্ষতার সাথে প্রতিহত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"