চট্টগ্রামের ফটিকছড়িতে শিল্পপতি নাদের খানের মালিকানাধীন ‘হালদা ভ্যালি চা বাগান’ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমিহীন পরিবারগুলোকে অন্যায়ভাবে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। এই উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদে এবং নিজেদের ভিটেমাটি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২১ জুন ২০২৬) দুপুরে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালি চা বাগান কর্তৃপক্ষ সরকার থেকে লিজ নেওয়া জমির অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে বন বিভাগের জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ করছে। অথচ কয়েক দশক ধরে শতাধিক হতদরিদ্র পরিবার ওই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া এই উচ্ছেদ কার্যক্রম চালানো হলে পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, বাগান কর্তৃপক্ষ সরকার থেকে কাগজে-কলমে ১,০৩৪ একর জমি লিজ নিলেও বাস্তবে ক্ষমতার দাপটে বর্তমানে প্রায় আড়াই হাজার একর জমি নিজেদের দখলে রেখেছে।

বক্তারা আরও অভিযোগ করেন: সরকারি অর্থায়নে সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মিত সড়কে বাগান কর্তৃপক্ষ বেআইনিভাবে গেট স্থাপন করেছে। সেখানে সার্বক্ষণিক সশস্ত্র দারোয়ান নিয়োগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচলে তীব্র বাধা ও নানাভাবে হয়রানি করা হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ভাষায় জানান, সাধারণ ও ভূমিহীন মানুষের স্বার্থ উপেক্ষা করে কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলে তারা তা সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। একই সঙ্গে তারা ভূমিহীন পরিবারগুলোর বসবাসের মৌলিক অধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত মানববন্ধনে আনন্দপুরের সমাজপতি রুহুল আমিন সর্দার, মোহাম্মদ কামাল, সলিমুল্লাহ, রাকিব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

তবে মানববন্ধনে স্থানীয়দের উত্থাপিত এত বড় জমি দখল ও উচ্ছেদের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে, হালদা ভ্যালি চা বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম কোনো ধরনের বক্তব্য দিতে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করেন।