টাঙ্গাইলের মধুপুরে এক অসহায় ও হতদরিদ্র পরিবারের গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণে ব্যর্থ হয়ে ওই গৃহবধূকে এলোপাতাড়ি মারধর ও কামড়ে জখম করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় ওই গৃহবধূর গলার সোনার চেইন ও ঘরে থাকা নগদ টাকা লুটেরও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে প্রতিদিনের মতো তার স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। স্বামী চলে যাওয়ার পর ওই গৃহবধূ নিজের শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একা পেয়ে পাশের বাড়ির দোকানদার মোখলেছ ঘরে ঢুকে তাকে জাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূ বাধা দিলে ক্ষিপ্ত হয়ে মোখলেছ তার গাল, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয় এবং পেটে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে।

একপর্যায়ে নিজের সম্ভ্রম বাঁচাতে ওই গৃহবধূ ঘর থেকে দৌড়ে পালিয়ে বাড়ির পাশের একটি আনারস ক্ষেতে গিয়ে আশ্রয় নেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই সুযোগে অভিযুক্ত মোখলেছ গৃহবধূর গলার সোনার চেইন এবং ঘরে থাকা নগদ টাকা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানতে চাইলে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম ফজলুল হক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত মোখলেছের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।