জাতীয় সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম সরাসরি উল্লেখ না করে, দলটির রাজনীতি ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
বক্তব্যের শুরুতে রফিকুল ইসলাম জামাল ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে দলটির ভূমিকার সমালোচনা করে বলেন, "এ দলটি ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল, আমি মহান সংসদে দাবি করব— তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।"
ধর্মের নামে রাজনীতির সমালোচনা করে এই সংসদ সদস্য আরও বলেন, "আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন— নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন, গত নির্বাচনে তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছেন। আমরা দেখেছি, বিড়ির সুখটানের মধ্য দিয়েও তারা বলেছিল— সকল পাপ মওকুফ হয়ে যাবে।"
তিনি আরও যোগ করেন, "এইভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা ইসলামের নামে রাজনীতি করছে, তারা মূলত বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধেই ছিল। তাই এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।"
বাজেট অধিবেশনের এই সাধারণ আলোচনায় তাঁর এই বক্তব্যটি সংসদে উপস্থিত অন্যান্য সদস্যদের মাঝে বেশ মনোযোগ আকর্ষণ করে।