রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে। ফলে রান্নাবান্নাসহ শিল্প-কারখানার উৎপাদনে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় আজ সোমবার (২২ জুন) রাত থেকে শুরু করে আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকার সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। ঢাকা ও এর আশেপাশের তিতাসের আওতাভুক্ত সব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা এই সমস্যার মুখোমুখি হতে পারেন।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একইসঙ্গে, আরএলএনজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই গ্যাস সরবরাহ পুনরায় আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।