ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পুলিশের বাধায় অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ কর্তৃক আটক জেলা আওয়ামী লীগের ত্রাণ ও শ্রমবিষয়ক সম্পাদক এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নিয়েছেন দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও পুলিশের সঙ্গে এই বিবাদ নিয়ে পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কথা বলতে রাজি হননি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়রকে আটক করলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে। বিশেষ করে মহিলারা পুলিশের ওপর চড়াও হন। আমাদের সঙ্গে সে সময় পর্যাপ্ত মহিলা ফোর্স না থাকায় একপর্যায়ে আমরা সেখান থেকে চলে আসতে বাধ্য হই।”
উত্তেজনা এড়াতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।