লিবিয়ার বেনগাজিসহ দেশটির বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। লিবিয়ান ন্যাশনাল আর্মির জেনারেল কমান্ডের সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল খাইরি আল-তামিমির সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।

সম্প্রতি লিবিয়ার বেনগাজি সফরে গিয়ে রাষ্ট্রদূত এই উচ্চপর্যায়ের বৈঠক করেন বলে ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।

বৈঠকে বেনগাজিসহ লিবিয়ার পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে বর্তমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। লিবীয় কর্তৃপক্ষকে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

বৈঠকে বৈধ উপায়ে কর্মসংস্থানের পাশাপাশি অবৈধ ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। একইসঙ্গে যেসব বাংলাদেশি অভিবাসী লিবয়ায় আটকা পড়েছেন বা সমস্যায় আছেন, তাদের আন্তর্জাতিক নিয়ম মেনে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন (Voluntary Repatriation) প্রক্রিয়া সহজ করার বিভিন্ন দিক নিয়ে উভয় দেশের প্রতিনিধিরা বিশদ মতবিনিময় করেন।

লিবিয়ার যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন অঞ্চলের পুনর্গঠন ও চলমান বড় বড় উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের দক্ষ প্রকৌশলী, টেকনিশিয়ান ও নির্মাণ শ্রমিকদের যুক্ত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে লিবীয় পক্ষ। আলোচনা শেষে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।