টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক আলোচনা সভা এবং পরবর্তীতে পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে মধুপুর পৌরসভা হল রুমে এই পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়।

টিআইবি আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি বজলুর রশিদ খান চুন্নু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জুবায়ের হোসেন।

অনুষ্ঠানের শুরুতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ও টেকসই রূপরেখা নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন টিম লিডার মাজহারুল ইসলাম। সভায় বক্তারা পৌরসভার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মধুপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আব্দুল মালেক, টিআইবির এরিয়া ম্যানেজার এবং সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

বর্জ্য ব্যবস্থাপনা সভার পর একই স্থানে মধুপুর পৌরসভা আয়োজিত শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পৌরসভার বর্তমান বিভিন্ন সমস্যা, নাগরিক সংকট এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতামত তুলে ধরেন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ডা. সাইদুর রহমান পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (টিএলসিসি কমিটির সদস্য)। একেএম ফজলুল হক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মধুপুর থানা। ইউসুফ জাই প্রিন্স সভাপতি, মধুপুর পৌর বিএনপি। আব্দুল লতিফ পান্না বিএনপি নেতা ও সাবেক সাধারণ সম্পাদক। জয়নাল আবেদীন সভাপতি, মধুপুর প্রেসক্লাব। এসএম শহীদ সিনিয়র সাংবাদিক। আবুল বাশার সাবেক পৌর কাউন্সিলর।