গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ্ তানজিলা খানমসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের, প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জনাব মোঃ সোহেল রানা এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

কর্পোরেশন সভায় গত সভার কার্যবিবরণী অনুমোদন ছাড়াও মহানগরীর সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল: উন্নয়ন প্রকল্প ও ডিপিপি: নতুন ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) সংক্রান্ত কার্যক্রম। রাজস্ব ও সম্পত্তি ব্যবস্থাপনা: সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি এবং সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়ন। স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা: নগর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব।

সভায় মহানগরীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পের গতিশীলতা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার নগরবাসীর সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “গাজীপুর মহানগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের চলমান উন্নয়ন কার্যক্রমগুলোকে আরও গতিশীল করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই।”

সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—নাগরিক সেবা দ্রুততর করার লক্ষ্যে বিভিন্ন সেবা শাখায় নজরদারি বৃদ্ধি এবং প্রতিটি উন্নয়ন কাজে গুণগত মান নিশ্চিত করা। সবশেষে, গাজীপুর মহানগরীকে একটি রোল মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।