বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। বুধবার (২৪ জুন) আয়োজিত সদস্য সমাবেশে প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে ডা. জুলফিকার আলী নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে ডা. আদনান হামজাকে মনোনীত করা হয়েছে।
শাখার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান। এছাড়া শাখার সাবেক সভাপতিবৃন্দও সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. জুলফিকার আলীকে মেডিকেল শাখার সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ডা. জুলফিকার আলী ডা. আদনান হামজাকে শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।