দীর্ঘ প্রায় দেড় বছর পর কনসার্টের মঞ্চে ফিরছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’। আগামী ১০ জুলাই (শুক্রবার) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএসসিসি) অনুষ্ঠিতব্য ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করবে ব্যান্ডটি। ‘বেজবাবা’ সুমন ও তার দলের ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত এক মুহূর্ত।

লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় এই রক ফেস্টিভ্যালে অর্থহীন ছাড়াও অংশ নিচ্ছে দেশের আরও বেশ কয়েকটি প্রভাবশালী ব্যান্ড। উৎসবের লাইনআপে রয়েছে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। ১০ জুলাই দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন। কনসার্টের টিকিট ২৫ জুন থেকে অনলাইনে ‘গেট সেট রক’ (getsetrock.com) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

ব্য্যান্ডের অভ্যন্তরীণ লাইনআপে বড় পরিবর্তনের পর এটিই হতে যাচ্ছে অর্থহীনের প্রথম পারফরম্যান্স। গত মার্চে ব্যান্ড থেকে ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈনের বিদায়ের পর নতুন করে দল সাজিয়েছে ব্যান্ডটি। গুণী মিউজিশিয়ান শিশির আহমেদ আবারো গিটার ও কিবোর্ডের দায়িত্বে ফিরেছেন। তার সঙ্গে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন আদনান আতিক এবং ড্রামসে অতিথি শিল্পী হিসেবে থাকছেন মেকানিক্স ব্যান্ডের শেখ এম রিয়াজ। নতুন লাইনআপ নিয়ে মঞ্চ মাতাতে প্রস্তুত ‘অর্থহীন’।