নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত ‘হোটেল রাজ’-এ এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল স্থানীয়দের। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ দুপুরে হোটেলটিতে আকস্মিক অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদের আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটককৃতদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের রয়েছেন। এছাড়াও পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থানরত কয়েকজন নারী-পুরুষকেও আটক করা হয়েছে। যদিও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আটকদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।