ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে সৃষ্ট ভয়াবহ ধ্বংসলীলার মাঝে উদ্ধার কাজ চালাতে গিয়ে চরম সংকটের মুখে পড়েছেন উদ্ধারকর্মীরা। ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে হাত এবং নখ দিয়েই ধ্বংসস্তূপ সরিয়ে মানুষের জীবন বাঁচানোর লড়াই চালাচ্ছেন তারা। এই সংকটময় পরিস্থিতিতে এভাবেই এরিক পল মার্টিনেজ সান্তোস (৫২) নামের একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এরিক পল জানান, তিনি তার ভবনের ধ্বংসস্তূপের নিচে চার ঘণ্টা আটকা ছিলেন। তিনি বলেন, “তাদের কাছে কোনো বাটালি, ড্রিল বা গ্রাইন্ডারের মতো প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ছিল না। এমনকি সিভিল ডিফেন্স বা উদ্ধারকারী দলগুলোর কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় তারা নখ দিয়েই আছড়ে ধ্বংসস্তূপ সরিয়ে আমাকে বের করেছে। উদ্ধারের সময় আমি নিজেও তাদের সহায়তা করেছি।”
সরকারি তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতের সংখ্যা ৯৭১ জন। তবে এই সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর থেকে প্রায় ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন নাকি অন্য কোথাও সরে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শক্তিশালী এই জোড়া ভূমিকম্প ভেনেজুয়েলার ইতিহাসে ব্যাপক মানবিক বিপর্যয় ডেকে এনেছে। উদ্ধারকারীদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে এবং সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।